২১ ঘণ্টার আলোচনা, তবু সমঝোতা হয়নি: ভ্যান্স
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।ছবি: বিবিসি বাংলা

টানা ২১ ঘণ্টা আলোচনা চললেও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

রোববার (১২ এপ্রিল) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান-এর প্রতিনিধিদলের মধ্যে আলোচনা দ্বিতীয় দিনে গড়ানোর পর এ মন্তব্য করেন ভ্যান্স।

তিনি বলেন, ‘আমরা ২১ ঘণ্টা ধরে আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’

আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন ভ্যান্স। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল মুনিরের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভ্যান্স বলেন, ‘আলোচনায় কোনো ত্রুটি থাকলে তার জন্য পাকিস্তান দায়ী নয়। তারা অসাধারণ কাজ করেছে।’

‘সৎ উদ্দেশ্য নিয়েই এসেছিলাম’

যুক্তরাষ্ট্র আলোচনায় নমনীয় অবস্থান নিয়ে অংশ নিয়েছে উল্লেখ করে ভ্যান্স বলেন, ‘আমরা সৎ উদ্দেশ্য নিয়েই এসেছিলাম। নমনীয় মনোভাব নিয়ে আলোচনা করেছি। কিন্তু সমঝোতায় পৌঁছাতে না পারা দুর্ভাগ্যজনক।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম’ প্রস্তাব দিয়েছে। এখন দেখা যাক ইরান সেই প্রস্তাব গ্রহণ করে কিনা।’

ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা

আলোচনার সময় তিনি একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বলে জানান।

ভ্যান্স বলেন, ‘গত ২১ ঘণ্টায় হয়তো ছয়বার বা বারোবার প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে।’

বৈঠকে কারা ছিলেন

সংবাদ সম্মেলনের সময় ভ্যান্সের পেছনে ছিলেন হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তারা ইরানের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া মার্কিন প্রতিনিধিদলের সদস্য।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনা আপাতত শেষ হলেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে।