
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে তেলের দাম প্রায় ১৪ শতাংশ হ্রাস পেয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ১৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইরান। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে। তবে প্রণালী অতিক্রমের আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অনুমোদন নিতে হবে।
যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে শর্তসাপেক্ষে চলাচল চালুর ঘোষণার পরপরই তেলের বাজারে প্রভাব পড়ে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম নেমে এসেছে ৯৪ দশমিক ৪৩ ডলারে, যা আগের তুলনায় ১৩ দশমিক ০৬ শতাংশ কম। এতে প্রতি ব্যারেলে দাম কমেছে ১৪ দশমিক ৮৪ ডলার।
অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ১৬ দশমিক ১৩ ডলার, যা শতাংশ হিসেবে প্রায় ১৪ দশমিক ৩৭ শতাংশ হ্রাস।
জ্বালানি তেলের বৈশ্বিক বাজার বিশ্লেষকরা এই পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিশ্লেষক টনি সাইক্যামোর রয়টার্সকে বলেন, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীতে অবরোধ শিথিল হওয়া বাজারের জন্য আশাব্যঞ্জক। তবে তিনি সতর্ক করে বলেন, বৈশ্বিক তেলের বাজার এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি এবং স্থিতিশীলতা ফেরাতে আরও সময় লাগবে।
সূত্র: রয়টার্স



