
ইরানের তেলসমৃদ্ধ খুজেস্তান প্রদেশের মাহশাহরের বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পস্থাপনায় একাধিক হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েলী বাহিনী।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রাদেশিক রাজধানী আহভাজের পূর্ব ও পশ্চিম দিকে প্রথম তিনটি বিস্ফোরণ ঘটে। মাত্র দুই মিনিটের ব্যবধানে ১০টা ৪৭ মিনিটে মাহশাহরের পেট্রোকেমিক্যাল এলাকায় আরও তিনটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়।
হামলার লক্ষ্যবস্তু হিসেবে ফজর ১, ফজর ২, রেজাল এবং আমির কবির পেট্রোকেমিক্যাল কারখানার নাম নিশ্চিত করেছেন প্রদেশটির ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতি । এরপর বেলা ১১টার দিকে খোররামশাহরের শলামচেহ সীমান্ত বাণিজ্য টার্মিনালেও হামলা হয়, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছেন তিনি। পরবর্তীতে আবু আলী পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং বন্দর-ই ইমাম খোমেনি বন্দর স্থাপনায়ও হামলা চালানো হয়, যেখানে আংশিক ক্ষতি হয়েছে।
এখন পর্যন্ত মাহশাহর ও বন্দর-ই ইমাম খোমেনি এলাকায় পাঁচজন আহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। তবে ডেপুটি গভর্নর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন।
পরিস্থিতি সামলাতে জরুরি কমান্ড কমিটি গঠন করা হয়েছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী ওই এলাকার সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর থেকে পার্শ্ববর্তী শহরগুলোর বায়ুমান পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, বিস্ফোরণস্থল থেকে নির্গত কোনো ক্ষতিকারক পদার্থ এই মুহূর্তে আশপাশের জনবসতির জন্য সরাসরি হুমকি নয়।
উল্লেখ্য, মাহশাহর ইরানের অন্যতম প্রধান পেট্রোকেমিক্যাল কেন্দ্র এবং বন্দর-ই ইমাম খোমেনি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দরগুলোর একটি। এই দুটি স্থাপনায় একযোগে হামলা ইরানের জ্বালানি রপ্তানি ও বন্দর কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো স্পষ্ট নয় এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে।
সূত্রঃ তাসনিম নিউজ



