
ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারে তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী।
শনিবার (৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে মার্কিন স্পেশাল ফোর্সের সেনারা গোপনে ইরানে প্রবেশ করে অভিযান শুরু করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে শুরু হওয়া এই অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্ধারকারী ইউনিটগুলো সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। যদিও ইরানে মার্কিন বাহিনীর প্রবেশ এবং অভিযানের কৌশল নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভূপাতিত যুদ্ধবিমানটির একজন ক্রুকে ইতোমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দ্বিতীয় ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন এবং তাকে উদ্ধারে জোরালো অনুসন্ধান চলছে।
সাবেক এক মার্কিন প্যারারেস্কিউ জাম্পার কমান্ডার জানান, নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে উন্নত প্রযুক্তি ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল কাজ করছে। তারা ব্ল্যাকহক হেলিকপ্টারের সাহায্যে সম্ভাব্য এলাকা চষে বেড়াচ্ছে। প্রয়োজনে এসি-১৩০ গানশিপ থেকে সদস্যদের নামিয়ে স্থলপথেও অভিযান পরিচালনা করা হতে পারে।
অন্যদিকে, ইরানও এই ঘটনায় সক্রিয় ভূমিকা নিয়েছে। দেশটি নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে খুঁজে পেতে পৃথক অভিযান চালাচ্ছে এবং তাকে আটক বা সনাক্ত করতে পারলে পুরস্কার ঘোষণার কথাও জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে নিখোঁজ পাইলটকে ঘিরে চলমান এই অভিযান আন্তর্জাতিক অঙ্গনেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।



