ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল
মার্কিন ফাইটার জেট।ছবি: সংগৃহীত

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জীবিত অবস্থায় ওই পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য প্রায় ৮১ লাখ টাকা (৬৬,১০০ ডলার) পুরস্কার ঘোষণা করেছে ইরান। এই লোভনীয় প্রস্তাবের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

একটি ইরানি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, "আপনারা যদি শত্রুপক্ষের পাইলট বা ক্রুকে জীবিত অবস্থায় পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দেন, তবে আপনাদের মূল্যবান পুরস্কার দেওয়া হবে।" এরপরই কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের গভর্নর এই বিপুল অঙ্কের অর্থ পুরস্কারের প্রতিশ্রুতি দেন।

যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে মূলত কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ নামের এক বিশাল ও দুর্গম পার্বত্য অঞ্চলে। পুরস্কারের ঘোষণার পর অনেক স্থানীয় বাসিন্দা নিজেদের গাড়ি নিয়ে পাইলটের খোঁজে নেমে পড়েছেন। কর্তৃপক্ষ পার্শ্ববর্তী অঞ্চলেও অনুসন্ধান চালানোর জন্য অনুরোধ জানিয়েছে।

তবে এই অভিযানকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। একদিকে টেলিভিশনের পর্দায় সন্দেহভাজন কাউকে ‘দেখামাত্র গুলি’ করার বার্তা দেওয়া হলেও, অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনী নিখোঁজ পাইলটের কোনো ধরনের ক্ষতি না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে।

উল্লেখ্য, ভূপাতিত বিমানটি ছিল মার্কিন ‘এফ-১৫ই’ মডেলের, যেখানে সাধারণত দুজন ক্রু থাকেন। আন্তর্জাতিক গণমাধ্যম সিবিএস নিউজ ও এক্সিওস জানিয়েছে, মার্কিন স্পেশাল ফোর্সের এক অভিযানে ইতোমধ্যে বিমানের একজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দ্বিতীয়জনের খোঁজে ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় মার্কিন হেলিকপ্টারের ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা কার্যত থমকে আছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সূত্র : এনডিটিভি