
ইরানের প্রেস টিভি সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারির একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। এতে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার হুমকি অব্যাহত রাখে, তবে তেহরান এই অঞ্চলের সেইসব জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করবে, যেগুলোতে আমেরিকানদের অংশীদারিত্ব রয়েছে। এর আগেও ইরানের সামরিক কর্মকর্তারা বারবার মধ্যপ্রাচ্যের প্রধান প্রযুক্তি সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন।
এদিকে, শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবিত রেজোলিউশনের ওপর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। প্রস্তাবটি পাস হলে, জলপথ উন্মুক্ত করতে সদস্য রাষ্ট্রগুলোকে ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ ব্যবহারের অনুমোদন দেওয়া হবে। এই ভোটের প্রাক্কালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেকোনো ‘উস্কানিমূলক পদক্ষেপের’ বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। আরাকচি বলেন, “হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আগ্রাসী শক্তি ও তাদের সমর্থকদের যেকোনো উস্কানিমূলক পদক্ষেপ পরিস্থিতিকে কেবল আরও জটিল করে তুলবে।”
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



