
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য ফিন্যান্সিয়াল টাইমস সংবাদপত্রকে বলেছেন, তিনি ইরানের ‘তেল দখল করতে চান’ এবং ওয়াশিংটন দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল করতে পারে। ট্রাম্প এই সম্ভাব্য পদক্ষেপকে ভেনেজুয়েলার পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন। তিনি উল্লেখ করেন, গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর ওয়াশিংটন সেখানকার তেল শিল্পকে ‘অনির্দিষ্টকালের জন্য’ নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে।
তিনি বলেন, “সত্যি বলতে কি, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরানের তেল দখল করা। কিন্তু যুক্তরাষ্ট্রে থাকা কিছু বোকা লোক বলে, ‘আপনি এটা কেন করছেন?’ ওরা আসলে বোকা।”
ট্রাম্প ফিন্যান্সিয়াল টাইমসকে আরও বলেন, “হয়তো আমরা খার্গ দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের হাতে অনেক পথ খোলা আছে।” তিনি যোগ করেন, “এর মানে হলো, আমাদের [খার্গ দ্বীপে] বেশ কিছু সময়ের জন্য থাকতে হবে।” খার্গ দ্বীপে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি দখল করতে পারব।”
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



