
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে।
স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন ট্রাম্প।
তিনি বলেন, আমাদের মধ্যে বেশ জোরালো আলোচনা হয়েছে। দেখা যাক এগুলো কোন দিকে নিয়ে যায়। আমি বলব, আমাদের মধ্যে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে। এমনকি প্রায় সব বিষয়ে আমরা একমত হতে পেরেছি।
তিনি আরও জানান, রোববার শুরু হওয়া আলোচনা সোমবারও অব্যাহত থাকবে। তারা (ইরান) একটি চুক্তি করতে খুব আগ্রহী। আমরাও একটি চুক্তি করতে চাই। আজ সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে।
ট্রাম্পের কথায়, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার এই আলোচনা পরিচালনা করছেন। যদিও ট্রাম্প ইরানের সঙ্গে কথা বলা ব্যক্তির নাম প্রকাশ করেননি, তবে তিনি বলেন, আলোচনায় একজন ‘শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা’ উপস্থিত ছিলেন।
তবে ট্রাম্প যোগ করেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এখনও কিছু জানতে পারেনি। খামেনি বেঁচে আছেন কি না, তা তিনি নিশ্চিত নন।
তিনি বলেন, ‘আমি মোজতবা খামেনির মৃত্যু কামনা করি না।’
সূত্র: রয়টার্স



