
ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে, যা মূলত ইরান থেকে চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। জেরুজালেম ও মধ্য ইসরায়েলসহ দেশটির দক্ষিণাঞ্চলেও একাধিক সতর্কতা জারি করা হয়েছে। ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রের খবরে কর্তৃপক্ষ সেসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ইতোমধ্যেই বেশ কিছু বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হামলাকারী ওয়ারহেডগুলোর মধ্যে কিছু ছিল ‘ক্লাস্টার’ বা গুচ্ছ প্রকৃতির, যা বিস্ফোরিত হয়ে চারপাশে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। প্রাপ্ত তথ্যে জানা গেছে, মূলত মধ্য ইসরায়েলের অন্তত আটটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক আঘাত হেনেছে। সোশ্যাল মিডিয়াতেও ক্ষয়ক্ষতির নানা চিত্র দেখা যাচ্ছে।
এর আগে, উত্তর ইসরায়েলের বেশ কিছু এলাকাতেও সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। অবশ্য পরে তা তুলে নেওয়া হয় এবং মানুষকে জানানো হয় যে আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়া এখন নিরাপদ।
তবে রোববারের পর থেকে চলা পরিস্থিতির সঙ্গে আজকের ঘটনার মিল রয়েছে। ওই সময়ও একাধিকবার সতর্কতা জারি করা হয়েছিল। বিশেষ করে উত্তরাঞ্চল বেশি ঝুঁকির মুখে রয়েছে, কারণ সেখানে শুধু ইরানি ক্ষেপণাস্ত্র নয়, সীমান্তের ওপার থেকে হিজবুল্লাহর হামলারও শিকার হতে হচ্ছে।



