
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র দেশগুলোর জাহাজকে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ব্যবহারে বাধা দেওয়ার যে সিদ্ধান্ত ইরান নিয়েছে, তার পক্ষে যুক্তি তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, “আমাদের দৃষ্টিকোণ থেকে, এই জলপথটি ইরানের একদম পাশেই অবস্থিত। তাই স্বাভাবিকভাবেই আমরা আমাদের শত্রুদের এই পথ ব্যবহার করতে দেব না। সেই সঙ্গে এর চারপাশে এখন যুদ্ধ চলছে; ফলে নিরাপত্তাহীনতার কারণে অনেক দেশ ও জাহাজ স্বাভাবিকভাবেই এই পথ ব্যবহার করতে চাইবে না।”
ইরানের এই শীর্ষ কূটনীতিক যুদ্ধ শেষ হওয়ার পর এই সংকীর্ণ জলপথের জন্য একটি ‘নতুন প্রটোকল’ বা নীতিমালার আহ্বান জানান। তিনি বলেন, “আমার মতে, ভবিষ্যতের জন্য—অর্থাৎ যুদ্ধের পর—হরমুজ প্রণালী এবং এর মধ্য দিয়ে জাহাজ চলাচলের জন্য আমাদের নতুন ব্যবস্থাপনা তৈরি করতে হবে। যাতে ইরানের এবং এই অঞ্চলের স্বার্থ বিবেচনায় রেখে সুস্পষ্ট বিধিমালার আওতায় এই জলপথে স্থায়ীভাবে শান্তিপূর্ণ নৌ-চলাচল বজায় রাখা যায়।”
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



