
সংযুক্ত আরব আমিরাতের আকাশে রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে। এর ফলে চলতি বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে এবং আগামী শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে রাজধানীর আবুধাবিসহ দেশটির বিভিন্ন এলাকায় চাঁদ দেখা যায়। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্য তামিম আল তামিমি হিজরি ১৪৪৭ সালের রমজানের ২৮তম দিনে ভোর ৬টার দিকে এই চাঁদের ছবি ধারণ করেন। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ বছর রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনাই বেশি। সে হিসেবে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে, যা শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ (বুধবার) নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। ফলে পরদিন থেকেই নতুন চন্দ্রমাস শুরু হওয়ার সম্ভাবনা কম বলেও ধারণা করা হচ্ছে।



