
ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির অন্তত ৫৬টি সাংস্কৃতিক স্থান, যার মধ্যে জাদুঘর ও ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রয়েছে, "মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত" হয়েছে। বার্তা সংস্থা আইএসএনএ (ISNA)-তে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরান প্রদেশ, সেখানে ১৯টি স্মৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরানের কুর্দিস্তান প্রদেশেও ১২টি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো (UNESCO) সাংস্কৃতিক ঐতিহ্যস্থলগুলোর ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, "যেকোনো ধরনের ক্ষতি এড়াতে বিশ্ব ঐতিহ্য তালিকায় থাকা স্থানগুলো এবং জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভৌগোলিক অবস্থান সংশ্লিষ্ট সব পক্ষকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।"
ইউনেস্কো আরও যোগ করে, "দেশের এবং পুরো অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার স্বার্থে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।" ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রাচীন ঐতিহাসিক স্থাপনা এবং শহরের একমাত্র ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যস্থল ‘গোলেস্তান প্যালেস’ (Golestan Palace)। ১৫০০ সালের দিকে নির্মিত এই প্রাসাদ কমপ্লেক্সটিতে মোট আটটি রাজকীয় ভবন রয়েছে।
ইউনেস্কো নিশ্চিত করেছে যে, গত ২ মার্চ নিকটবর্তী আরাক স্কয়ারে ক্ষেপণাস্ত্র হামলার পর গোলস্তান প্যালেসও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে আয়না বসানো ছাদ ভেঙে পড়া, তোরণ বা আর্চওয়ে ক্ষতিগ্রস্ত হওয়া, জানালা উড়ে যাওয়া এবং প্রাসাদের হলের ভেতরে ধ্বংসস্তূপ জমা হওয়া।
সূত্র : ডয়েচে ভেলে
আরটিএনএন/এআই



