ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: সংগৃহীত

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প অনুমান করেছেন যে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনে তিনি আহত হয়েছেন—এমন খবর প্রকাশের মাঝেই ট্রাম্প এই মন্তব্য করলেন।

ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিডকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় সম্ভবত তিনি (বেঁচে) আছেন। আমার ধারণা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে সম্ভবত তিনি কোনো না কোনোভাবে বেঁচে আছেন।’

সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির প্রথম ভাষণ বা বিবৃতি গত বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করে শোনানো হয়। আর এরপরই ট্রাম্প এ মন্তব্য করলেন।

চলতি সপ্তাহের শুরুতে সাইপ্রাসে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে জানান যে, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা খামেনি আহত হয়েছেন।

উল্লেখ্য, ওই হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। মোজতবা খামেনি যে ওই হামলায় আহত হয়েছেন—রাষ্ট্রদূতের এই বক্তব্য মার্কিন গণমাধ্যমের সেই প্রতিবেদনকেই নিশ্চিত করে।

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই