ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
ইসরায়েলের উপরে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে আইআরজিসিছবি: সংগৃহীত

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওই অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর ওপর তাদের ৪৪তম দফার হামলার ঘোষণা দিয়েছে। ফারস-এর প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি জানিয়েছে যে তারা ‘‘অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে’’ অবস্থিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘‘বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র’’ ছুড়েছে। এর মধ্যে ইসরায়েলের কিরাইয়াত, শমোনা, হাদেরা ও হাইফা শহর অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এবং মার্কিন পঞ্চম নৌবহরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তারা।

এদিকে উত্তর ইসরায়েলের জন্য গত রাতটি (১২ মার্চ দিবাগত) ছিল বেশ কঠিন ও ভয়াবহ। নাজারেথের কাছাকাছি জারজির নামক একটি গ্রামে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, সেখানে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং যানবাহনে আগুন ধরে গেছে।

তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা গেছে, পিঠে শার্পনাল (বোমার টুকরো) বিদ্ধ হয়ে একজন নারী মাঝারি মাত্রায় জখম হয়েছেন। এছাড়া বাকিদের বেশিরভাগই মূলত ভাঙা কাঁচ বা ধ্বংসাবশেষের আঘাতে সামান্য আহত হয়েছেন।

স্থানীয় সময় রাত আড়াইটায়—বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সারা রাত ধরেই এমন সতর্কসংকেত ছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে বিভিন্ন হামলার পাশাপাশি লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহও রকেট ছুড়েছে।

সূত্র : আল জাজিরা

আরটিএনএন