
ইরানে ১৭০ জনেরও বেশি স্কুলশিক্ষার্থীকে হত্যার ঘটনা "আমাদের বিবেককে নাড়া দেওয়া উচিত এবং আতঙ্কে শিউরে ওঠার মতো পরিস্থিতি তৈরি করা উচিত"—এমন মন্তব্য করেছেন মার্কিন সিনেটর রাফায়েল ওয়ার্নক। ডেমোক্রেটিক পার্টির এই সদস্য, যিনি ব্যক্তিগত জীবনে একজন যাজক (পাসটর), এই মর্মান্তিক ঘটনার জন্য জবাবদিহি নিশ্চিত করার এবং এ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ইরান এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীকে দায়ী করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়ার্নক বলেন, "যে জাতির নেতারা শিশুদের মৃত্যুকে—তা যে কারণেই হোক না কেন—এত সহজে এড়িয়ে যেতে পারেন, সেই জাতির নৈতিক সংশোধনের প্রয়োজন রয়েছে।" তিনি আরও যোগ করেন, "আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে, ইরানের শিশুরাও ঈশ্বরেরই সন্তান।"
মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ জন স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনাসহ ইরানে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়ে গত বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরে চিঠি পাঠিয়েছেন ৪০ জন ডেমোক্রেটিক সিনেটর। রাফায়েল ওয়ার্নক তাঁদেরই একজন।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



