আইআরজিসি, ইরান
ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কোরের সদস্যদের প্যারেড।ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। তারা জানিয়েছে, ইরানই যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে।

মঙ্গলবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়, ‘(মধ্যপ্রাচ্য) অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ পরিস্থিতি এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে; মার্কিন বাহিনী এ যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে। জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘মধ্যপ্রাচ্য অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ পরিস্থিতি এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে; মার্কিন বাহিনী এ যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না।’

এদিকে, মধ্যপ্রাচ্য থেকে ১ লিটার তেলও রপ্তানি করতে না দেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির মাধ্যমে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখোমুখি হতে হবে।

চলমান যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজের চলাচল ইতিমধ্যেই চরমভাবে বিঘ্নিত হয়েছে।

ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইরান যদি হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ বন্ধ করার কোনো পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের ওপর এ যাবৎকালের চেয়ে ২০ গুণ বেশি কঠোর হামলা চালানো হবে। আমরা এমন কিছু সহজে ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানব, যা একটি রাষ্ট্র হিসেবে ইরানের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব করে তুলবে। তাদের ওপর মৃত্যু, আগুন ও ধ্বংসযজ্ঞ নেমে আসবে—তবে আমি আশা ও প্রার্থনা করি যেন এমনটা না ঘটে।’