ইরান যুদ্ধ
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির দাবি চীনের।ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে (অবিলম্বে) যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন চীন। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন,  দ্রুত সামরিক অভিযান বন্ধ না হলে পরিস্থিতি আরও বিস্তৃত আকার নিতে পারে এবং পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার বরাতে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলা এবং তার জবাবে তেহরানের পাল্টা আক্রমণের প্রেক্ষাপটে ওয়াং ই এই আহ্বান জানান।

বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের বার্ষিক সংসদীয় অধিবেশন ‘টু সেশনস’-এর ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা জরুরি, যাতে সংঘাত আরও বিস্তৃত না হয় এবং যুদ্ধ অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে।’

ওয়াং ই আরও বলেন, ‘এটি এমন একটি যুদ্ধ যা কখনোই হওয়ার কথা ছিল না, এবং এতে কারও কোনো বিশেষ লাভ নেই।’ তিনি জোর দিয়ে বলেন, ‘সমস্যা সমাধানের পথ শক্তি প্রয়োগে অর্জন করা সম্ভব নয়। অস্ত্রের আশ্রয় নেয়া কেবল নতুন ঘৃণা ও সংঘাতের জন্ম দেয়।’

চীনের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তেজনা কমাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কূটনৈতিক সমাধানই এই সংকট থেকে বের হওয়ার একমাত্র কার্যকর পথ।