ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সছবি: সংগৃহীত

সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দখল করার জন্য বিশেষ বাহিনী (স্পেশাল ফোর্সেস) পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন এই সংবাদমাধ্যমটি এ বিষয়ে অবগত এমন চারটি সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্পের যুদ্ধের অন্যতম উদ্দেশ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। আর মার্কিন প্রেসিডেন্টের এই লক্ষ্য অর্জনে দেশটির ৬০ শতাংশ সমৃদ্ধ করা ৪৫০ কেজি (৯৯২ পাউন্ড) ইউরেনিয়াম দখল করাই হবে মূল চাবিকাঠি।

অ্যাক্সিওস জানিয়েছে, এই অভিযানটি সম্ভবত যুদ্ধের "পরবর্তী কোনো ধাপে" পরিচালিত হতে পারে—বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিশ্চিত হবে যে ইরানের সামরিক বাহিনী আর কোনো শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম নয়। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনা ও অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর, বর্তমানে দেশটির ইউরেনিয়ামের মজুত কী অবস্থায় আছে, তা স্পষ্ট নয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, বোমায় ক্ষতিগ্রস্ত ওই স্থাপনাগুলোতে ইরান তাদের প্রবেশ করতে দেয়নি। তবে সংস্থাটি এও জানিয়েছে যে, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানের কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ তাদের পরিদর্শকরা এখনও পাননি।

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই