
ইরানের ইংরেজি ভাষার সংবাদ চ্যানেল প্রেস টিভির তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে আরেক দফা হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি তাদের সাম্প্রতিক এই হামলাকে ‘অপারেশন ট্রু প্রমিস’-এর ‘২৭তম দফা’ হিসেবে আখ্যায়িত করেছে।
প্রেস টিভি আইআরজিসির বরাতে আরও জানিয়েছে, তারা কুয়েতের আরিফজানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির সদর দপ্তরে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। আইআরজিসির বিবৃতি অনুযায়ী, নতুন প্রজন্মের ইমাদ, কদর ও খায়বার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। গার্ড বাহিনী জানিয়েছে, খায়বার ক্ষেপণাস্ত্রগুলোতে একাধিক ওয়ারহেড (বোমা) যুক্ত ছিল, যার ফলে বিস্তৃত এলাকাজুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, হামলাগুলো অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
আইআরজিসি আরও জানায়, আগের হামলাগুলোতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল, যা পরবর্তী হামলাগুলোকে সহজ করেছে। বিবৃতি অনুযায়ী, আগের দফাগুলোতে রাডার ব্যবস্থা ধ্বংস করার কারণে "লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রক্রিয়াটি ব্যাপকভাবে সহজতর হয়েছে।" বিবৃতিতে গার্ড বাহিনী আরও উল্লেখ করে যে, ২৬তম দফায় ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছিল।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



