
ইরাক-ভিত্তিক 'খাবাত অর্গানাইজেশন অব ইরানিয়ান কুর্দিস্তান'-এর মহাসচিব বাবাসেইখ হোসেইনি আল জাজিরাকে জানিয়েছেন যে, ইরাকে অবস্থানরত ইরানি কুর্দি যোদ্ধাদের ইরানে একটি স্থল অভিযান (গ্রাউন্ড অপারেশন) চালানোর সম্ভাবনা খুবই প্রবল। একইসাথে তিনি এটিও নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র 'বিভিন্ন মাধ্যমে' তাদের সাথে যোগাযোগ করেছে।
তার যোদ্ধারা ইতোমধ্যেই কোনো স্থল অভিযান শুরু করেছে কি না— আল জাজিরার এমন প্রশ্নের জবাবে হোসেইনি বলেন, "এই মুহূর্তে, না। আমরা বর্তমানে কোনো আক্রমণাত্মক অভিযানে নিযুক্ত নই।" তবে তিনি আরও যোগ করেন, "আমরা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করছি এবং এখন যেহেতু পরিস্থিতি অনেক বেশি অনুকূলে, তাই অভিযান পরিচালনার একটি প্রবল সম্ভাবনা রয়েছে।"
হোসেইনি জানান, এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে "খুব সম্ভবত আমরা একটি স্থল অভিযানের দিকেই এগোব।" মার্কিন যোগাযোগের বিষয়ে তিনি জানান, "আমেরিকানরা (যুক্তরাষ্ট্র) বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেছে, তবে এখনও পর্যন্ত আমাদের সরাসরি কোনো বৈঠক হয়নি। তবে হ্যাঁ, তারা আমাদের সাথে যোগাযোগ করেছে।"
ইরানে সরকার পরির্বতন বিষয়ে তিনি উল্লেখ করেন, "তারা জানতে চেয়েছে যে এই শাসকগোষ্ঠীকে (ইরান সরকার) নিয়ে আমাদের কী করা উচিত, এর উপায়গুলো কী এবং ভবিষ্যতে আমরা একসাথে কাজ করতে পারি কি না— আলোচনাটি মূলত এই বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল।"
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



