ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, উপসাগরীয় অঞ্চল, হিজবুল্লাহ
নবী চিত শহরের দিকে তেড়ে যাচ্ছে ইসরায়েলি হেলিকপ্টারছবি: সংগৃহীত

পূর্ব লেবাননের বেকা উপত্যকা অঞ্চলে ইসরায়েলি কমান্ডো এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ ওই সংঘর্ষে তাদের যোদ্ধাদের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি-র তথ্যমতে, এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, তাদের বাহিনী "সিরিয়ার দিক থেকে ইসরায়েলি শত্রু বাহিনীর চারটি হেলিকপ্টারের অনুপ্রবেশ লক্ষ করে।"

হিজবুল্লাহ জানায়, হেলিকপ্টার থেকে অবতরণের পর অগ্রসর হতে থাকা ইসরায়েলি সেনারা নবী চিত কবরস্থানের কাছে পৌঁছালে হিজবুল্লাহ যোদ্ধাদের "একটি দলের মুখোমুখি হয়।" উল্লেখ্য, নবী চিত হলো বেকা উপত্যকার পূর্বাঞ্চলীয় বালবেক জেলার একটি শহরের নাম।

বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানায়, "শত্রু বাহিনী সামনে চলে এলে সংঘর্ষ চরম আকার ধারণ করে।" তাদের দাবি, সংঘর্ষ শুরু হওয়ার পর ইসরায়েলি সেনারা ব্যাপক বিমান হামলা চালায় এবং এলাকা ছেড়ে পালাতে (ইভাকুয়েট করতে) শুরু করে।

আলাদা একটি বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী পিছু হটার সময় হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালায়। হিজবুল্লাহর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ফুটেজে আকাশে মুহুর্মুহু গুলির দৃশ্য দেখা গেছে। লেবাননের সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি বাহিনী অন্তত ১৩ বার নবী চিত শহরে বিমান হামলা চালিয়েছে। আর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই