ইরান, ট্রাম্প, খোমেনি, ইসরায়েল, লেবানন
লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপরে হামলা করেছে হিজবুল্লাহছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার ভোরে ইসরায়েলি স্থলবাহিনীর ওপর চালানো এক দফা হামলার দায় স্বীকার করেছে। লেবাননের ভূখণ্ডে প্রবেশ করা ইসরায়েলি সেনারাও এই হামলার লক্ষ্যবস্তু ছিল। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইরানপন্থি এই গোষ্ঠীটি জানিয়েছে, তাদের যোদ্ধারা লেবাননের ভূখণ্ডের ভেতরে থাকা মারউন আল-রাস এবং কাফার কিলার মতো বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের 'ইয়োয়াভ' সামরিক ক্যাম্প এবং হাইফা বন্দরের একটি নৌ ঘাঁটিতেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে, লেবাননের সাথে থাকা বিতর্কিত সীমান্ত এলাকায় বসবাসকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের (সেটলার) দ্রুত এলাকা ছাড়ার সতর্কতা জারি করেছিল হিজবুল্লাহ।

হিব্রু ভাষায় একটি সতর্কতা জারি করেছে হিজবুল্লাহ। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের লেবানন সীমান্ত থেকে ৫ কিলোমিটারের (৩.১ মাইল) মধ্যে অবস্থিত সমস্ত বসতি (সেটেলমেন্ট) খালি করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে সশস্ত্র এই গোষ্ঠীটি ঘোষণা দিয়েছে, লেবাননের সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর এই আগ্রাসন, সেইসঙ্গে অবকাঠামো ধ্বংস এবং লেবাননের বাসিন্দাদের বাস্তুচ্যুত করার এই পদক্ষেপ "বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না" (বা এর কড়া জবাব দেওয়া হবে)। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, সোমবার থেকে রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১২৩ জন নিহত এবং ৬৮৩ জন আহত হয়েছেন।

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই