
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর বৃহত্তম শোধনাগারে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবারের রেশ কাটতে না কাটতেই বুধবার (৪ মার্চ) সকালে এই নতুন হামলার ঘটনা ঘটে। দেশটির সরকারি এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দুটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে ড্রোনটি সরাসরি রাস তানুরা শোধনাগারে আঘাত হানে। এই স্থাপনাটি সৌদি আরবের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটানোর প্রধান উৎস।
রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সৌদি আরামকো ওই পরিশোধনাগারটি পরিচালনা করে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, বুধবারের এই হামলা একটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত সোমবারও ইরান থেকে ছোঁড়া দুটি ড্রোন রাস তানুরা লক্ষ্য করে ধেয়ে এসেছিল। যদিও সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ভূপাতিত করতে সক্ষম হয়, তবে ড্রোনের ধ্বংসাবশেষের কারণে শোধনাগারটিতে আগুন ধরে যায়। ওই ঘটনার পর নিরাপত্তার খাতিরে আরামকো তাদের প্ল্যান্টের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল।



