
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে ইরানের যুদ্ধের কারণে নৌ চলাচল ব্যাহত হওয়ার পর একটি বিরল যাত্রায় অপরিশোধিত তেল বোঝাই করতে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বন্দরে পৌঁছেছে একটি তেলের ট্যাংকার। সূত্র ও জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী (ট্র্যাকিং) ডেটার বরাত দিয়ে রয়টার্স জানায়, হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছানোর পর গত ২ মার্চ গভীর রাতে ‘পোলা’ নামের ট্যাংকারটি এর এআইএস ট্র্যাকার বন্ধ করে দেয়। এরপর মঙ্গলবার আবুধাবি উপকূলে জাহাজটির পুনরায় খোঁজ মেলে।
নাম প্রকাশ না করার শর্তে বাণিজ্য সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, থাইল্যান্ডে রপ্তানির জন্য ‘আবুধাবি মুরবান ক্রুড’ (এক ধরনের অপরিশোধিত তেল) বোঝাই করতে ট্যাংকারটি জেবেল ধান্না বন্দরের দিকে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তাদের হুমকির কারণে উপসাগরীয় অঞ্চলে নৌ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে কাতার থেকে শুরু করে ইরাক পর্যন্ত দেশগুলোতে বাধ্য হয়ে তেল উৎপাদন বন্ধ রাখা হয়েছে।



