রিয়াদ, বিস্ফোরণ
রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে প্রচণ্ড জোরে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।ছবি: বিবিসি বাংলা

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে নিশ্চিত করেছে যে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় ‘সীমিত মাত্রার অগ্নিকাণ্ড এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

সৌদি আরবে জেদ্দা, রিয়াদ এবং জাহরানে যুক্তরাষ্ট্রের মিশনের কর্মীদের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করেছে এবং জানিয়েছে যে তারা অঞ্চলে অবস্থিত যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করবে।

এ দিকে বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে প্রচণ্ড জোরে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।

কূটনৈতিক কোয়ার্টার বা ডিপ্লোমেটিক কোয়ার্টার হিসেবে পরিচিত, সেখানে বিদেশি কূটনীতিকরা থাকেন।

নাম গোপন রাখার শর্তে এক বাসিন্দা বলেছেন, আমি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। এরপর ধোঁয়া বের হতে থাকে।

এরআগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে।

গত শনিবার ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল। এরপর ইরান পালটা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছে।

সূত্র: বিবিসি বাংলা