
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের একেবারে সামনে ভয়াবহ দাঙ্গা বেধে গেছে। এদহি রেসকিউ সার্ভিস জানিয়েছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত ৯ জন নিহত এবং অনেকে গুরুতর আহত হয়েছেন। আগেই খবর এসেছিল—হাজার হাজার ক্ষুব্ধ মানুষ কনস্যুলেটের দিকে এগিয়ে যাচ্ছিল। তারা ভবনের দিকে তেড়ে যেতেই পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলি চালায়। করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক এ তথ্য দিয়েছেন। খবর ডনের।
পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, খামেনিকে হত্যার ঘটনায় রোববার শত শত পাকিস্তানি মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভ চালায়। সেই সময় অনেকে মার্কিন কনস্যুলেটে জোর করে প্রবেশের চেষ্টা করে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কনস্যুলেটের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে।
আরেক ভিডিওতে দেখা যায়, কনস্যুলেটের গেট কম্পাউন্ডের ভেতরে বেশ কয়েকজন পুরুষ জানালা ও দরজার কাচ ভেঙে মূল ভবনে প্রবেশের চেষ্টা করছে। অভিযোগ, ভবনের কিছু অংশে আগুন লাগানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারত-শাসিত কাশ্মীরেও রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজারো শিয়া মুসলিম। লাল, কালো ও হলুদ পতাকা হাতে বিক্ষোভকারীরা শ্রীনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রধান চত্বরে সমবেত হন। আবেগঘন অথচ শান্তিপূর্ণ এই সমাবেশে অনেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-বিরোধী স্লোগান দেন।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



