
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইরান দেশটির ওপর ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে। আবুধাবি বিমানবন্দরে কর্তৃপক্ষের ভাষায় ‘একটি ঘটনায়’ অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।এছাড়া আন্তর্জাতিক চলাচলের জন্য বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর—দুবাই বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। কাতারেও এমন হামলার খবর পাওয়া গেছে, যদিও কোনো হতাহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া ইরানের শনিবারের প্রতিশোধমূলক হামলায় তেল আবিবের অন্তত ৪০টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। তেল আবিব পৌরসভার বরাত দিয়ে হারেৎজ লিখেছে, এই ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দুই শতাধিক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে শহরের তিনটি হোটেলে স্থানান্তর করা হয়েছে।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত হামলায় একজন ইসরায়েলি নারী নিহত হয়েছেন এবং আরও ১২১ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগেরই জখম গুরুতর নয়। ইসরায়েলের ওপর ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এসব হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই প্রতিহত বা ভূপাতিত করা হয়েছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কিছু ক্ষেপণাস্ত্র তেল আবিব এবং জেরুজালেমের পশ্চিমে ‘বেইত শেমেস’ শহরে আঘাত হানতে সক্ষম হয়েছে।



