
ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, “আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শোক প্রকাশ করছি।”
বিবৃতিতে বলা হয়, “মানবতার সবচেয়ে জঘন্য সন্ত্রাসী ও ঘাতকদের হাতে তাঁর শাহাদাত বরণই প্রমাণ করে যে, এই মহান নেতার নেতৃত্ব কতটা ন্যায়সংগত ছিল এবং তাঁর একনিষ্ঠ সেবা কবুল হয়েছে।”আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, “ইরানি জাতি প্রতিশোধ নিতে বদ্ধপরিকর... এবং অপরাধীরা কিছুতেই রেহাই পাবে না।” বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, “দেশি ও বিদেশি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আইআরজিসি ইস্পাতকঠিন দৃঢ়তা বজায় রাখবে।”
এদিকে ইরানের ফার্স নিউজ এজেন্সি আইআরজিসি-র একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে ঘোষণা করা হয়েছে যে, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সামরিক অভিযান” শুরু হতে যাচ্ছে। আইআরজিসি জানিয়েছে, এই অভিযান “আর কিছুক্ষণের মধ্যেই” শুরু হবে। এই হামলার মূল লক্ষ্যবস্তু হবে ‘অধিকৃত ভূখণ্ড’ (ইসরায়েল) এবং এই অঞ্চলে অবস্থিত ‘মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো’।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



