
ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ ‘সুস্থ ও নিরাপদ’ রয়েছেন। এখন পর্যন্ত ইরান সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে দেশটির ‘ফার্স’ নিউজ এজেন্সি থেকে ক্রমাগত বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, কেবল রাজধানী তেহরানেই নয়, বরং রাজধানীর অদূরে ‘কোম’ এবং দেশের মধ্যাঞ্চলীয় শহর ‘ইসফাহানে’ও হামলা চালানো হয়েছে।
সংবাদে ইরানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দর এবং ‘পাস্তুর’ এলাকায় হামলার কথা উল্লেখ করা হচ্ছে, যেখানে রাষ্ট্রপতির বাসভবন অবস্থিত। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো উচ্চপদস্থ কর্মকর্তার নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য পাস্তুর এলাকায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বলে শনাক্ত করা হয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



