পাকিস্তা, করাচি
করাচিতে বুধবার রাতে ভবনের প্রথম তলায় এই বিস্ফোরণ ঘটেছবি: সংগৃহীত

বৃহস্পতিবার উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, করাচির সোলজার বাজার ৩ নম্বর এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে সিলিন্ডার বিস্ফোরণে ৪ শিশু ও ২ নারীসহ অন্তত ১২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী সূত্র জানায়, বুধবার রাতে ভবনের প্রথম তলায় এই বিস্ফোরণ ঘটে, যার ফলে ভবনের একাংশ ধসে পড়ে। তারা আরও জানায়, তল্লাশি ও উদ্ধার অভিযানে সম্ভাব্য সব ধরনের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্যে মনে হচ্ছে গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত, যা সম্ভবত কোনো সিলিন্ডার অথবা গ্যাস সাকশন মেশিন (গ্যাস টানার যন্ত্র) থেকে ঘটেছে। উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান শুরু করে ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে বের করে আনে। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী নাজিয়া এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ রয়েছেন।

এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্য একজন ভুক্তভোগীর পরিচয় শনাক্তের কাজ চলছে। কর্মকর্তারা জানান, ১৪ বছর বয়সী এক কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও দুজন মানুষ আটকে আছেন। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানায়, ভবনের চারপাশের সরু গলির কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র : জিও নিউজ

আরটিএনএন/এআই