পাকিস্তান
হামলার সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঢোলের তালে নাচছিলেন।ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে (কেপি) একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

স্থানীয় সময় শুক্রবার রাতে ডেরা ইসমাইল খান জেলার কুরেশি মোর এলাকায় এ হামলা ঘটে। কর্মকর্তারা জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাসভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী হামলাকারী নিজেকে বিস্ফোরণ ঘটান।

ডেরা ইসমাইল খান জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) সাজ্জাদ আহমেদ সাহেবজাদা জানান, হামলার সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঢোলের তালে নাচছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ঘরের ছাদ উড়ে যায়। এতে উদ্ধারকাজ ব্যাহত হয় এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনের কাছে পৌঁছাতে সমস্যা হয়।

ডিপিও ডনকে বলেন, ‘এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। ঘটনার পর জেলা সদর দপ্তর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’

খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি এক বিবৃতিতে বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই সাতটি অ্যাম্বুল্যান্স, একটি দমকল বাহিনীর গাড়ি এবং একটি দুর্যোগ মোকাবিলার গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার অভিযান এখনো চলছে। এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ ওরফে জিগরি মেহসুদও রয়েছেন।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি কেপি পুলিশের মহাপরিদর্শকের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। প্রাদেশিক সরকার শহীদদের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে।’

এ ছাড়া প্রদেশটির গভর্নর ফয়সল করিম কুন্ডিও ঘটনার প্রতিবেদন চেয়েছেন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সশস্ত্র হামলায় একটি শান্তি কমিটির চার সদস্য নিহত হন। এর আগে, ২০২৫ সালের নভেম্বরে একই জেলার একটি শান্তি কমিটির কার্যালয়ে হামলায় সাতজন নিহত হয়েছিল।

সূত্র: ডন