
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিরোধিতা করে কানাডা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে। তাঁর দাবি, এই সম্পর্কের আড়ালেই ভবিষ্যতে চীন কানাডাকে ‘গিলে খাবে’।
ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে চায়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই ব্যবস্থা শুধু যুক্তরাষ্ট্র নয়, কানাডার নিরাপত্তাও নিশ্চিত করবে। তবে কানাডা এর বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপনের বিরুদ্ধে কানাডা অবস্থান নিয়েছে। অথচ এই ব্যবস্থা কানাডাকেও সুরক্ষা দেবে। আমাদের সহায়তা না করে তারা চীনের সঙ্গে ব্যবসার পক্ষে ভোট দিয়েছে—যারা এক বছরের মধ্যে কানাডাকে গিলে খাবে।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কানাডা বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। বিভিন্ন সময়ে তিনি দেশটির নেতৃত্বের সমালোচনা করে আসছেন।
সম্প্রতি চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে কানাডা। ওই চুক্তির আওতায় দুই দেশের কিছু পণ্যের আমদানি–রপ্তানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বেইজিং সফরে গিয়ে এই চুক্তি করেন। এর পরপরই ট্রাম্প মন্তব্য করেন, চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের আড়ালে কানাডা ঝুঁকির মুখে পড়ছে।
কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র। এর পরের অবস্থানে রয়েছে চীন। একসময় দুই দেশের সম্পর্ক অবনতির দিকে গেলেও সম্প্রতি আবার বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চলছে।
এর আগে গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপন করা হলে স্বাভাবিকভাবেই কানাডা এর সুবিধা পাবে এবং নিরাপদ থাকবে। সে সময় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে এবং দেশটি বিনা মূল্যে নানা সুবিধা ভোগ করছে।
ট্রাম্প বলেন, আমরা গোল্ডেন ডোম স্থাপন করব, যা স্বাভাবিকভাবেই কানাডাকে রক্ষা করবে। কানাডা আমাদের কাছ থেকে অনেক কিছু বিনা মূল্যে পায়। তাদের কৃতজ্ঞ থাকা উচিত।
কানাডার প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, পরবর্তীতে যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছু বলার আগে এটি মনে রাখবেন, মার্ক।
তবে ট্রাম্পের এসব মন্তব্য প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের জন্য বেঁচে নেই। কানাডা সফল হচ্ছে, কারণ আমরা কানাডিয়ান।
সূত্র: ইন্ডিয়া টুডে



