টনি ব্লেয়ার, গাজা
টনি ব্লেয়ারছবি: সংগৃহীত

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ২০-দফা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এই পরিকল্পনা তদারকির জন্য তিনি ‘বোর্ড অব পিস’ (শান্তি পর্ষদ) নামে একটি বিশেষ কমিটি গঠন করেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এই বোর্ডের অন্যতম প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে।

বোর্ডে থাকছেন যারা :
শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, টনি ব্লেয়ার এই বোর্ডের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্যদের একজন হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে আরও থাকছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।

বোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।

বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য :
হোয়াইট হাউস জানিয়েছে, এই বোর্ডের সদস্যরা গাজার স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখভাল করবেন। এর মধ্যে রয়েছে গাজার শাসন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সম্পর্কের উন্নয়ন, পুনর্গঠন কার্যক্রম, বিনিয়োগ আকর্ষণ, বড় আকারের তহবিল সংগ্রহ এবং পুঁজির জোগান নিশ্চিত করা।

উচ্চ প্রতিনিধি এক্সিকিউটিভ বোর্ড :
বুলগেরিয়ান কূটনীতিক এবং জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা নিকোলাই ম্লাদেনভকে গাজার জন্য ‘হাই রিপ্রেজেন্টেটিভ’ বা উচ্চ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও গাজার শাসন ব্যবস্থা ও সেবা কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে ‘গাজা এক্সিকিউটিভ বোর্ড’ নামে আরেকটি পর্ষদ গঠন করা হয়েছে। এই বোর্ডেও টনি ব্লেয়ার, জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফকে রাখা হয়েছে। তাদের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারি কূটনীতিক আলী আল-থাওয়াদিকেও এই বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সামরিক কমান্ডার নিয়োগ :
বেসামরিক নেতৃত্বের পাশাপাশি সামরিক নিরাপত্তার দিকেও নজর দিয়েছে ট্রাম্প প্রশাসন। গাজার জন্য গঠিত ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে মার্কিন মেজর জেনারেল জ্যাসপার জেফারসকে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই