
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।
স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) প্রথমে কয়েকটি দেশের নাম প্রকাশ করে ফক্স নিউজ। পরে তারা জানায়, ভিসা নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ভিসা দেওয়ার বর্তমান যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে। এ সময়ের মধ্যে এসব দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রদানের প্রক্রিয়াগুলো নতুন করে খতিয়ে দেখছে। এই কারণে আপাতত ৭৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত রাখা হচ্ছে। মূলত যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা সবচেয়ে বেশি গ্রহণ করে থাকেন।
ফক্স নিউজ প্রকাশিত তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশের কয়েকটি দেশ ছাড়াও আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও লাতিন আমেরিকার বহু রাষ্ট্র। তালিকায় পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার প্রতিবেশী দেশ ছাড়াও ইরান, ইরাক, সিরিয়া, রাশিয়া, ব্রাজিল ও থাইল্যান্ডের মতো দেশও রয়েছে।
ভিসা স্থগিতের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর শিক্ষার্থী, পর্যটক, ব্যবসায়ী ও অভিবাসনপ্রত্যাশীদের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশগুলোর মধ্যে রয়েছে
১. আফগানিস্তান ২. আলবেনিয়া ৩. আলজেরিয়া ৪. অ্যান্টিগা ও বার্বুডা ৫. আর্মেনিয়া ৬. আজারবাইজান ৭. বাহামা দ্বীপপুঞ্জ ৮. বাংলাদেশ ৯. বার্বাডোস ১০. বেলারুশ ১১. বেলিজ ১২. ভুটান ১৩. বসনিয়া ১৪. ব্রাজিল ১৫. মিয়ানমার ১৬. কম্বোডিয়া ১৭. ক্যামেরুন ১৮. কেপ ভার্দে ১৯. কলম্বিয়া ২০. আইভরি কোস্ট ২১. কিউবা ২২. কঙ্গো ২৩. ডোমিনিকা ২৪. মিসর ২৫. ইরিত্রিয়া ২৬. ইথিওপিয়া ২৭. ফিজি ২৮. গাম্বিয়া ২৯. জর্জিয়া ৩০. ঘানা ৩১. গ্রেনাডা ৩২. গুয়াতেমালা ৩৩. গিনি ৩৪. হাইতি ৩৫. ইরান ৩৬. ইরাক ৩৭. জ্যামাইকা ৩৮. জর্ডান ৩৯. কাজাখস্তান ৪০. কসোভো ৪১. কুয়েত ৪২. কিরগিজস্তান ৪৩. লাওস ৪৪. লেবানন ৪৫. লাইবেরিয়া ৪৬. লিবিয়া ৪৭. মেসিডোনিয়া ৪৮. মলদোভা ৪৯. মঙ্গোলিয়া ৫০. মন্টিনিগ্রো ৫১. মরক্কো ৫২. নেপাল ৫৩. নিকারাগুয়া ৫৪. নাইজেরিয়া ৫৫. পাকিস্তান ৫৬. কঙ্গো প্রজাতন্ত্র ৫৭. রাশিয়া ৫৮. রুয়ান্ডা ৫৯. সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৬০. সেন্ট লুসিয়া ৬১. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস ৬২. সেনেগাল ৬৩. সিয়েরা লিওন ৬৪. সোমালিয়া ৬৫. দক্ষিণ সুদান ৬৬. সুদান ৬৭. সিরিয়া ৬৮. তানজানিয়া ৬৯. থাইল্যান্ড ৭০. টোগো ৭১. তিউনিসিয়া ৭২. উগান্ডা ৭৩. উরুগুয়ে ৭৪. উজবেকিস্তান ৭৫. ইয়েমেন।
সূত্র: ফক্স নিউজ



