
ইরানে অর্থনৈতিক সংকটের জেরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ তথ্য জানায়। খবরটি নিশ্চিত করে ইরান ইন্টারন্যাশনাল।
ইরান ইন্টারন্যাশনাল জানায়, গত ১৩ দিনের বিক্ষোভে এই নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। সংস্থাটির যাচাইকৃত তথ্য অনুযায়ী, মোট ১১টি প্রদেশে ৫১ জন বিক্ষোভকারী নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ বছরের কম নয়জন কিশোর-কিশোরী রয়েছে । তবে সব শিশু নিহতের সঠিক বয়স সংক্রান্ত নথিপত্র সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানায় সংস্থাটি।
এ ছাড়া তেহরান, মাশহাদ, কারাজের ফারদিস এবং হামেদানে আরও বহু মৃত্যুর খবর সংস্থাটি পেয়েছে, তবে সেগুলো এখনো যাচাই হয়নি। যাচাই প্রক্রিয়া শেষ না হওয়ায় এসব ঘটনা এখনো আনুষ্ঠানিক নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানায় তারা। বর্তমান মৃত্যুর হিসাব কেবল সেসব ঘটনার ভিত্তিতেই করা হয়েছে, যেগুলো সংস্থাটি সরাসরি নিশ্চিত করেছে অথবা অন্তত দুটি স্বাধীন সূত্র থেকে যাচাই করা হয়েছে।
গেল বছরের ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও এটি সহিংস রূপ ধারণ করে। টানা ১৩ দিন ধরে দেশটিতে এ বিক্ষোভ চলছে ।
এমআর/আরটিএনএন



