
বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান সরকার ও জনগণ গভীরভাবে শোকাহত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি আজীবন গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন বলে উল্লেখ করেন শেহবাজ শরীফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি তিনি পাকিস্তানের একজন ঘনিষ্ঠ ও নিবেদিত বন্ধু ছিলেন বলেও মন্তব্য করেন।
শোকবার্তায় আরও বলা হয়, এই শোকের সময়ে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের মানুষের পাশে রয়েছে। বেগম খালেদা জিয়ার পরিবার, স্বজন এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান শেহবাজ শরীফ।
শোকবার্তার শেষাংশে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।



