ক্রুড অয়েল।
ক্রুড অয়েল।ছবি: সংগৃহীত

বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল ও ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

এর আগে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবগুলোর নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করা হবে। একই সঙ্গে ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন থেকে ৬০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল এবং এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে আগাম মজুত বাড়ানো প্রয়োজন হয়ে পড়েছে। দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।

তবে বৈঠকে হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানির প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ডিজেল আমদানির প্রস্তাব আলোচনার তালিকা থেকে বাদ দেওয়া হয়।