
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (এফবিসিসিআই) প্রকৃত অর্থে ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী, কার্যকর এবং অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।
রোববার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সরকারের কাছে তাদের দাবি-দাওয়া কার্যকরভাবে তুলে ধরতে এফবিসিসিআইয়ের ভূমিকা আরও শক্তিশালী ও সক্রিয় হওয়া জরুরি। প্রয়োজনে গঠনমূলক ও ইতিবাচক চাপ প্রয়োগের মাধ্যমে নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটিকে ভূমিকা রাখতে হবে। তবে কোনো অবস্থাতেই সংগঠনটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে না—এ বিষয়ে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আমরা এমন একটি এফবিসিসিআই দেখতে চাই, যা সব শ্রেণির ব্যবসায়ীর জন্য একটি সম্মিলিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
নীতিনির্ধারণে বাস্তবভিত্তিক মতামত দিয়ে এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সংগঠনটিকে গতিশীল ও ফলপ্রসূ করতে যোগ্য, দূরদর্শী ও উদ্যমী নেতৃত্ব অপরিহার্য। নেতৃত্ব অবশ্যই ব্যবসায়ী সমাজের মধ্য থেকেই আসা উচিত এবং সংগঠনটি যেন তাদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে—তা নিশ্চিত করতে হবে।
ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করে তিনি জানান, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন আমদানি নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে। পাশাপাশি বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজীকরণের লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান বক্তব্য দেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, আব্দুল হক, বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন, বাংলাদেশ সুপার মার্কেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক গিয়াস উদ্দিন চৌধুরী খোকন, রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রাজেশ এবং সাবেক পরিচালক সৈয়দ বখতিয়ার।
বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা এফবিসিসিআইকে আরও কার্যকর ও ব্যবসাবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তাদের মধ্যে কেউ কেউ নির্বাচন-পূর্ববর্তী সময়ে ব্যবসায়ী সমাজ থেকে একজনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাবও উত্থাপন করেন।



