
ইসলামী ধারার কয়েকটি ব্যাংক থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুতি, রাজনৈতিক বৈষম্য ও হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দেওয়া লিখিত বক্তব্যে চাকরিচ্যুত ব্যাংকাররা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি ইসলামী ধারার ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বৈষম্যমূলক ও প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। ভিত্তিহীন অভিযোগ, অনৈতিক তদন্ত ও প্রশাসনিক হয়রানির মাধ্যমে অনেককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়, যা ব্যাংকিং খাতে নজিরবিহীন বলেও উল্লেখ করা হয়।

বক্তব্যে আরও বলা হয়, মানবসম্পদ নীতিমালা উপেক্ষা করে যোগ্যতাবিহীন ব্যক্তিদের পদায়ন এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। বিপরীতে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের অপসারণের ফলে সংশ্লিষ্টদের পেশাগত নিরাপত্তা ও পারিবারিক স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
মানববন্ধন থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে পুনর্বহাল, মিথ্যা অভিযোগ ও হয়রানি বন্ধ, নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত, ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ।
ক্ষতিগ্রস্তরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।



