
কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১৩ এপ্রিল) জারি করা এক আদেশে এ সময়সীমা ১৫ এপ্রিল থেকে বাড়িয়ে ১৫ মে পর্যন্ত নির্ধারণ করা হয়।
এর আগে একাধিক দফায় সময় বাড়িয়ে প্রথমে ১৫ ফেব্রুয়ারি, পরে ১৫ মার্চ এবং সর্বশেষ ১৫ এপ্রিল পর্যন্ত রিটার্ন দাখিলের সময় নির্ধারণ করা হয়েছিল। ফলে এবার নিয়ে চতুর্থ দফায় সময়সীমা বাড়ালো এনবিআর।
করনীতির দ্বিতীয় সচিব একরামুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ) অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করেছে।
এনবিআর সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ সময় বৃদ্ধি করা হয়েছে।



