
রমজানের প্রথম দিন বৃহস্পতিবার রাজধানীর বাজারে লেবু ও শসার দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইফতারের প্রয়োজনীয়তা ও চাহিদা বেড়ে যাওয়ায় ক্রেতারা পড়েছেন আর্থিক চাপের মুখে।
রাজধানীর মোহাম্মদপুর টাউনহল বাজারে বড় আকারের লেবু হালি প্রতি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০ টাকায়। মাঝারি আকারের লেবু হালি ১২০ টাকায়, আর ছোট লেবুর হালি কিনতে খরচ করতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। দুই সপ্তাহ আগে এই ধরনের লেবু বিক্রি হতো মাত্র ৪০ থেকে ৫০ টাকায়। যাত্রাবাড়ী, কারওয়ানবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় একই দামে লেবু বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের লেবু বিক্রেতা মো. আজিজুল হক জানান, এখন লেবুর মৌসুম নয়, সেজন্য দাম বেশি। বাজারে লেবুর ঘাটতি আছে।
শসার কেজি প্রতি দামও দুই দিনের মধ্যে ৩০–৪০ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় পৌঁছেছে। যাত্রাবাড়ীর কাজলায় শসা একই দামে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারেও প্রায় একই মূল্যে শসা পাওয়া যাচ্ছে।
ক্রেতারা বলছেন, ইফতারের জন্য অতি প্রয়োজনীয় শসা ও লেবুর দাম উর্ধ্বমুখী হওয়ায় আমরা পড়ছি বিপদে।
মেহেদি আনজাম নামের একজন ক্রেতা বলেন, যেসব পণ্য রমজানে বেশি প্রয়োজন, ঠিক সেসবেরই দাম বাড়িয়ে দেয়া হয়েছে। এটি অন্যায় এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, গত ১৮ মাস ধরে বাজার মনিটরিংয়ে প্রশাসন কার্যত ব্যর্থ। নজরদারি না থাকায় ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা বাড়াচ্ছেন।



