
দীর্ঘ চার বছরের অপেক্ষার পর আবার পর্দায় ফিরছে বহুল আলোচিত সিরিজ ইউফোরিয়া। তরুণদের জীবন, মানসিক টানাপোড়েন, মাদকাসক্তি ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এই সিরিজ শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। আগামী ১২ এপ্রিল থেকে এইচবিও-তে শুরু হচ্ছে এর তৃতীয় ও শেষ মৌসুম।
শুরু থেকেই ‘ইউফোরিয়া’ আলাদা করে নজর কেড়েছে এর সাহসী উপস্থাপনার কারণে। যৌনতা, মাদক, মানসিক স্বাস্থ্য এমন সংবেদনশীল বিষয়গুলোকে সরাসরি তুলে ধরায় এটি যেমন প্রশংসা পেয়েছে, তেমনি সমালোচনাও কম হয়নি। নতুন সিজনের ট্রেলার প্রকাশের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আলোচনা নতুন করে জোরালো হয়েছে।
নতুন মৌসুমের গল্প আগের ঘটনার প্রায় পাঁচ বছর পরের সময়কে কেন্দ্র করে এগিয়েছে। এবার চরিত্রগুলো আর কিশোর নেই প্রাপ্তবয়স্ক জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি তারা। প্রেম, বন্ধুত্ব, আসক্তি ও মানসিক সংকট সবকিছুই আরও জটিল রূপ নিয়েছে।
সিরিজটির কেন্দ্রীয় চরিত্র ‘রু’, যার ভূমিকায় আছেন জেনডায়া। নতুন সিজনেও তাকে দেখা যাবে নানা বিপজ্জনক পরিস্থিতিতে জড়িয়ে পড়তে। বিশেষ করে মাদকচক্রের সঙ্গে তার সংঘাত আরও তীব্র হয়েছে, যা গল্পে বাড়তি উত্তেজনা যোগ করেছে।
অন্যদিকে ‘ক্যাসি’ চরিত্রে থাকা সিডনি সুইনি-কে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যাবে। তার জীবনে এসেছে নতুন মোড়, যা সম্পর্ক ও ব্যক্তিগত সিদ্ধান্তকে ঘিরে তৈরি করেছে টানাপোড়েন। ‘নেট’ চরিত্রে জ্যাকব এলর্ডি-র সঙ্গে তার সম্পর্কও নতুনভাবে উঠে এসেছে।
এ ছাড়া ‘জুলস’ চরিত্রে হান্টার শেফার-কে দেখা যাবে নিজের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে লড়াই করতে। পুরোনো সম্পর্ক, নতুন পথচলা সব মিলিয়ে তার গল্পেও এসেছে পরিবর্তন।
সিরিজটির নির্মাতা স্যাম লেভিনসন জানিয়েছেন, সময়ের এই বড় ব্যবধান গল্পকে আরও বাস্তব করে তুলেছে। তাঁর মতে, এই পর্যায়ে এসে চরিত্রগুলোর জীবন নতুনভাবে দেখানোই ছিল সবচেয়ে স্বাভাবিক সিদ্ধান্ত।
এই মৌসুমে মোট আটটি পর্ব থাকবে এবং ৩১ মে প্রচারিত হবে শেষ পর্ব। আগের মৌসুমের প্রায় সব পরিচিত মুখই ফিরছেন, পাশাপাশি যুক্ত হয়েছেন নতুন কিছু অভিনয়শিল্পীও।
তবে কিছু চরিত্রকে আর দেখা যাবে না নতুন সিজনে। এর ফলে গল্পে কিছু পরিবর্তনও আসবে বলে ধারণা করা হচ্ছে।
শুধু বিনোদন নয়, ‘ইউফোরিয়া’ সামাজিকভাবেও প্রভাব ফেলেছে। তরুণদের মানসিক স্বাস্থ্য, আসক্তি ও সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করেছে এই সিরিজ। একই সঙ্গে এর সাহসী উপস্থাপনা নিয়ে বিতর্কও অব্যাহত রয়েছে।
সব মিলিয়ে, তৃতীয় মৌসুমকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। অনেকের কাছেই এটি শুধু একটি সিরিজ নয়, বরং সময়ের প্রতিচ্ছবি। আর সেই গল্পই এবার শেষবারের মতো তুলে ধরা হবে পর্দায়।



