
বলিউডে নিজের অবস্থান গড়ে তোলা সহজ ছিল না কাশমিরা শাহ-এর জন্য। ছোট একটি চরিত্র আর সামান্য পারিশ্রমিক সব মিলিয়ে শুরুটা ছিল বেশ কঠিন। তবুও একটি সিনেমাই বদলে দেয় তাঁর জীবনের গতিপথ। সেই সিনেমা ছিল ইয়েস বস, যেখানে তিনি অভিনয় করেছিলেন শাহরুখ খানের সঙ্গে।
পর্দায় কাশমিরাকে দেখা গিয়েছিল ধনী ও আত্মবিশ্বাসী এক নারী হিসেবে। কিন্তু বাস্তব জীবনে তখন তিনি ছিলেন সংগ্রামী। শুটিং সেটে অন্য শিল্পীরা যখন দামি গাড়িতে করে আসতেন, তখন তিনি আসতেন অটোরিকশায়।
নিজের আর্থিক সীমাবদ্ধতার কথা আড়াল করতেই তিনি প্রতিদিন সময়ের আগেই সেটে পৌঁছে যেতেন, যেন কেউ বুঝতে না পারে তাঁর বাস্তব অবস্থা। সেই ছবিতে কাজ করে তিনি পেয়েছিলেন মাত্র ৩০ হাজার রুপি।
তবে এই সামান্য সুযোগই তাঁর জন্য বড় সাফল্যের দরজা খুলে দেয়। ‘ইয়েস বস’-এর পর ধীরে ধীরে বলিউডে কাজের সুযোগ বাড়তে থাকে তাঁর। এরপর পেয়ার তো হোনা হি থা, হেরা ফেরি ও জঙ্গল-এর মতো চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি পান।
সম্প্রতি তাঁকে দেখা গেছে মারাঠি সিনেমা নায় ভারানভাত লোচা কান নায় কোনচা-তে। পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন তিনি।
একটি ছোট সুযোগ থেকেও যে বড় সাফল্যের পথ তৈরি হতে পারে কাশমিরা শাহ তারই একটি বাস্তব উদাহরণ।



