
আলোচিত মডেল, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী সিমরিন লুবাবা জানিয়েছেন, তিনি এখনও বিয়ে করেননি, তবে বাগদান সম্পন্ন হয়েছে।
লুবাবার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিষয়টি স্পষ্ট করতে বুধবার সন্ধ্যায় তিনি আরেকটি ফেসবুক পোস্টে জানান, হবু স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।”
প্রকাশিত ছবিটি পেছন থেকে তোলা হওয়ায় কাউকে চেনা যাচ্ছে না এবং লুবাবা হবু স্বামীর পরিচয় প্রকাশ করেননি।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ১৮ বছরের কম বয়সী মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়। কিছু মন্তব্যে বলা হয়েছে, লুবাবার বয়স এখনও ১৮ বছর পূর্ণ হয়নি।
এ বিষয়ে লুবাবা ফেসবুকে বলেন, “আমি এখনো বিয়ে করি নি। বাংলাদেশের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশা আল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।”
সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে তিনি খুব অল্প বয়সে অভিনয়ে প্রবেশ করেন। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করেছেন। তবে গত বছরের শেষ দিকে তিনি হঠাৎই বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।



