
টালিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। শুটিং করতে গিয়ে সাগরে ডুবে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
জানা গেছে, শুক্রবার ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শুটিং চলছিল দিঘার তালসারি সমুদ্রসৈকত এলাকায়। শুটিং শেষ হওয়ার পর তিনি জলে নামেন। কিছুক্ষণ পর তাকে আর দেখা না গেলে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে ইউনিটের সদস্য ও টেকনিশিয়ানদের সহায়তায় তাকে জলের ভেতর থেকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
ধারাবাহিকের এক সহ-অভিনেতা জানান, শুটিং প্যাকআপের পর রাহুল জলে নেমেছিলেন। অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরে তাকে উদ্ধার করা হয়। হঠাৎ এমন ঘটনায় পুরো শুটিং ইউনিট গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে।
এই দুর্ঘটনায় টালিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে।



