বাড়িতে আমি বাবার চেয়ে বন্ধু বেশি: আমির খান
বাড়িতে আমি বাবার চেয়ে বন্ধু বেশি: আমির খানছবি: সংগৃহীত

জুনাইদ খান অভিনীত ছবি ‘এক দিন’–এর ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। সুনীল পান্ডে পরিচালিত এই ছবিতে জুনাইদ খানের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণি অভিনেত্রী সাই পল্লবী। মুম্বাইয়ের এক্সেলস এন্টারটেইনমেন্টের অফিসে সীমিতসংখ্যক গণমাধ্যমের জন্য আয়োজন করা হয় ট্রেলার প্রিভিউয়ের। উপস্থিত ছিলেন ছবির অন্যতম প্রযোজক, জুনাইদের বাবা, বলিউড সুপারস্টার আমির খান।

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান যেখানে অভিনয়ের বদলে পরিচালনাকে বেছে নিয়েছেন এবং ‘ব্যা**ডস অব বলিউড’* সিরিজের মাধ্যমে পরিচালনায় হাত দিয়েছেন, সেখানে আমির খানের ছেলে জুনাইদ খান অভিনয়েই নিজের পরিচয় গড়তে চান। তার অভিনয়ে অভিষেক হয়েছে নেটফ্লিক্সের ছবি ‘মহারাজ’ দিয়ে। এরপর বড় পর্দায় ‘লাভইয়াপা’ ছবিতে শ্রীদেবী কন্যা খুশি কাপুরের সঙ্গে অভিনয় করেন। এবার ‘এক দিন’ ছবিতে সাই পল্লবীর সঙ্গে তার নতুন জুটি নিয়ে আসছেন।

ছেলের অভিষেক নিয়ে আমির খান বলেন,

ট্রেলার উন্মোচনের পর আমির খান জানান, ‘এক দিন’ ছবির মাধ্যমেই জুনাইদের বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল। তবে এর আগেই ‘লাভইয়াপা’ ছবির মাধ্যমে তার অভিষেক হয়ে গেছে। এ প্রসঙ্গে আমির খান হেসে বলেন, ‘আমাকে তো চেনেন, আমি সময় নিয়ে ছবি বানাই। তাই এটি জুনাইদের প্রথম ছবি হয়ে ওঠেনি।’

নায়িকা হিসেবে সাই পল্লবীকে বেছে নেওয়ার বিষয়ে আমির খান বলেন, ‘এই ছবির জন্য আমি একদম উপযুক্ত একজন অভিনেত্রী খুঁজছিলাম। সাইয়ের মধ্যে যে নিষ্পাপ উপস্থিতি রয়েছে, তা এই ছবির জন্য একদম আদর্শ। আমি আশা করি, দর্শক জুনাইদ ও সাইয়ের রসায়ন পছন্দ করবেন।’

এছাড়া, ছবিটির প্রায় ৮০ শতাংশ শুটিং জাপানে হয়েছে বলে জানান আমির। তার ভাষায়, ‘চিত্রনাট্যের প্রয়োজনে এমন লোকেশন দরকার ছিল। আমরা অন্য দেশও ভেবেছিলাম, কিন্তু জাপানকে বলিউডে তেমনভাবে দেখানো হয়নি।’

আড্ডার এক পর্যায়ে আমির খান বলেন, ‘জুনাইদ কোনো ছবির ব্যাপারে আমার পরামর্শ নেয় না। চিত্রনাট্য নিয়েও আমার সঙ্গে আলোচনা করে না। আমি জানতেও পারি না, ও কোন ছবিতে কাজ করছে। মনে হয়, ইতিমধ্যে সে দু-একটি ছবি সই করেছে—এর মধ্যে একটি একতা কাপুর ও বালাজি টেলিফিল্মসের সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘জুনাইদ খুবই দৃঢ়চেতা ও স্বাধীনচেতা। সিনেমার ক্ষেত্রে ও অনেকটা আমার মতোই। নিজের চরিত্রের চেয়ে গল্পকে বেশি গুরুত্ব দেয়। সিনেমা, চিত্রনাট্য ও সম্পাদনা নিয়ে ওর দারুণ বোঝাপড়া আছে।’

ছেলের সঙ্গে ব্যক্তিগত স্মৃতিও ভাগ করে নেন আমির। তিনি বলেন, ‘জুনাইদের বয়স যখন চার, তখন আমি ওকে দাবা খেলতে শিখিয়েছিলাম। ১৮ বছর বয়সে প্রথম আমাকে হারায়—মানে ১৪ বছর পর। এখন যতই চেষ্টা করি, ওকে আর হারাতে পারি না। সব সময়ই ও জিতে যায়।’

সন্তানদের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে আমির বলেন, ‘বাড়িতে আমি বাবার চেয়ে বন্ধু বেশি। জুনাইদ, ইরা ও আজাদ—তিনজনের সঙ্গেই আমার সম্পর্ক খুব সহজ ও স্বাভাবিক।’

‘এক দিন’ ছবিটি আগামী ১ মে মুক্তি পাবে। ট্রেলারে জুনাইদ ও সাই পল্লবীর মধ্যে এক সতেজ ও মিষ্টি রসায়নের আভাস মিলেছে। ছবিটি থাই চলচ্চিত্র ‘ওয়ান ডে’ থেকে অনুপ্রাণিত।

এছাড়া, আমির বর্তমানে তার প্রযোজনায় নির্মিত ‘লাহোর ১৯৪৭’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। সানি দেওল ও প্রীতি জিনতা অভিনীত ছবিটির নাম পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে আমিরের মন্তব্য, ‘এটা নিছকই গুঞ্জন। নাম পরিবর্তন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।’

এমআর/আরটিএনএন