
তানিম নূরের পরিচালনায় হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ঈদে মুক্তি পাচ্ছে। সিনেমাটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও সাবিলা নূর। সম্প্রতি রাফসান সাবাবের সঞ্চালনায় ‘হোয়াট আ শো’ অনুষ্ঠানে হাজির হন রাজ ও সাবিলা। সেখানে সিনেমাটি নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা।
অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক জানতে চান, ব্যক্তিগত জীবনের ট্রেন যাত্রা নিয়ে তাদের অভিজ্ঞতা। তখন রাজ জানান, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার অনেক ঘটনার সঙ্গে তার নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন। তিনি বলেন, “একটি ঘটনা হলো বিনা টিকিটে ট্রেন ভ্রমণ এবং ট্রেন টিটি এলেই বাথরুমে লুকিয়ে পড়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট যাওয়ার সময় পকেটমানি বাঁচাতে এক-দুইবার এমনটা করেছি।”
সঞ্চালকের প্রশ্নে রাজ সাবিলাকে নিয়ে প্রশংসা করতে ভুলেননি। তিনি বলেন, “সে দারুণ অভিনেত্রী। শুটিংয়ে সাবিলা নূর যদি থাকে, শুটিং মাতাতে আর কিছু লাগে না।”
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। তিনি জানান, সিনেমার শুটিংয়ের জন্য এফডিসিতে একটি সেট তৈরি করা হয়েছিল, যেখানে দুটি ট্রেন বানানো হয়। সাবিলা বলেন, “সেট বানাতে প্রায় দেড় মাস সময় লেগেছে, তবে সেটটি এত বাস্তবসম্মত ছিল যে শুটিংয়ের সময় মনে হচ্ছিল, আসল ট্রেনের মতোই চলছে। বাসায় ফিরে যখন মেকআপ তুলছি, তখনও মনে হচ্ছিল সবকিছু দুলছে।”
সাবিলা আরও বলেন, “সেটের ঝাঁকি এত প্রকৃত ছিল যে আমাদের একটাবারের জন্যও মনে হয়নি, এটা আসল ট্রেন না। পরে যখন আসল ট্রেনে শুটিং করতে গেছি, তখন বুঝতে পারলাম, সেটের কাজটা আসলেই দারুণ ছিল।”
এ ছবিতে রাজ ও সাবিলা ছাড়াও আরও অনেক তারকা অভিনয় করেছেন। এর মধ্যে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা প্রমুখ। ঈদের উৎসবে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।



