প্রাক্তন প্রেমিকের সঙ্গে ব্যক্তিগত অডিও ফাঁস, রাশমিকার আইনি হুঁশিয়ারি।
প্রাক্তন প্রেমিকের সঙ্গে ব্যক্তিগত অডিও ফাঁস, রাশমিকার আইনি হুঁশিয়ারি। ছবি: ছবি: সংগৃহীত

বিয়ের পর স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হানিমুনে সময় কাটাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে আনন্দঘন এই সময়েই পুরোনো একটি অডিও ফাঁসকে ঘিরে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় রাশমিকা মান্দানা জানান, গত আট বছর ধরে একটি গোষ্ঠী তাকে নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়িয়ে আসছে। সম্প্রতি তার একটি পুরোনো ব্যক্তিগত কথোপকথনের অডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

ছড়িয়ে পড়া ওই অডিওতে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে সম্পর্ক ভাঙা এবং সে সময়কার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। রাশমিকার অভিযোগ, প্রায় আট বছর আগে তার অনুমতি ছাড়াই সেই কথোপকথন রেকর্ড করা হয়েছিল এবং এখন উদ্দেশ্যমূলকভাবে তা প্রকাশ করা হচ্ছে।

নিজের বক্তব্যে তিনি বলেন, একজন জনপরিচিত ব্যক্তি হিসেবে সমালোচনা তিনি মেনে নিতে পারেন, কিন্তু ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় তার পরিবারও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।

রাশমিকা আরও সতর্ক করে বলেন, যারা এই অডিওটি ছড়িয়ে দিচ্ছেন তারা দ্রুত তা বন্ধ না করলে তিনি মানহানির মামলা করতে বাধ্য হবেন।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার শুটিংয়ের সময় রক্ষিত শেঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাশমিকা মান্দানা। ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হলেও এক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। পরে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয়, যা সম্প্রতি বিয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছে।

সিমু/আরটিএনএন