নারায়ণগঞ্জে নতুন স্টার সিনেপ্লেক্স, ঈদে উদ্বোধন।
নারায়ণগঞ্জে নতুন স্টার সিনেপ্লেক্স, ঈদে উদ্বোধন। ছবি: ছবি: সংগৃহীত

দেশজুড়ে মাল্টিপ্লেক্স সিনেমা হলে দর্শকের আগ্রহ দিনদিন বাড়ছে। এই চাহিদাকে সামনে রেখে নারায়ণগঞ্জে নতুন শাখা চালু করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিনে এই নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

নতুন এই শাখায় রয়েছে তিনটি হল। এর মধ্যে দুটি হলে প্রতিটিতে ১৭৮টি আসন এবং একটি হলে ৭৫টি আসন আছে। হলগুলো তৈরি করা হয়েছে নান্দনিক পরিবেশ, আধুনিক সাউন্ড সিস্টেম এবং বড় পর্দাসহ সর্বাধুনিক সুবিধার সঙ্গে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, এটি নারায়ণগঞ্জবাসীর জন্য ঈদের বিশেষ উপহার। দীর্ঘদিন ধরে এখানকার দর্শকরা একটি আধুনিক মাল্টিপ্লেক্সের জন্য অপেক্ষা করছিলেন।

তিনি আরও বলেন, দর্শকদের জন্য উন্নত পরিবেশ, নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বাইরে বিভিন্ন শহরে শাখা সম্প্রসারণের কাজও করছে স্টার সিনেপ্লেক্স।

সিমু/আরটিএনএন