
বলিউড তারকাদের মধ্যে কে সবচেয়ে ধনী এই প্রশ্নটি প্রায়ই আলোচনায় উঠে আসে। নতুন করে সেই আলোচনাকে সামনে এনেছে ২০২৬ সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট। তালিকায় আবারও জায়গা করে নিয়ে প্রমাণ করলেন, অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও ব্র্যান্ড সাম্রাজ্য গড়েও সমান সফল তিনি। তিনি হলেন বলিউডের ‘কিং’ শাহরুখ খান।
হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা। এই বিপুল সম্পদের কারণে তিনি শুধু বলিউডের সবচেয়ে ধনী অভিনেতাই নন, বিশ্বের ধনী তারকাদের তালিকাতেও উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছেন।
হুরুনের এই তালিকা প্রকাশ করা হয় গত ৫ মার্চ। এতে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ব্যক্তির সম্পদের হিসাব ধরা হয়েছে। তালিকায় বিশ্বের ধনী ব্যক্তিদের সংখ্যার দিক থেকে ভারত তৃতীয় স্থানে, যেখানে বিলিয়নিয়ারের সংখ্যা ৩০৮ জন। ভারতের আগে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।
যদিও এবারও তালিকায় নাম রয়েছে, গত বছরের তুলনায় শাহরুখ খানের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। ২০২৫ সালে তাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১২ হাজার ৪৯০ কোটি টাকা।
বিশ্বের ধনী তারকাদের তালিকায় শাহরুখ খানের পাশাপাশি আছেন সংগীত জগতের কয়েকজন বড় তারকা। তাদের মধ্যে রয়েছেন জে-জি, যার সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। এছাড়া পপ তারকা টেইলর সুইফটের সম্পদ প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার এবং রিহানার সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।
শাহরুখ খানের আয়ের উৎস শুধু সিনেমা নয়। দীর্ঘদিনের ক্যারিয়ারে তিনি গড়ে তুলেছেন বড় একটি ব্যবসায়িক সাম্রাজ্য। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা হিসেবে পরিচিত। পাশাপাশি বিজ্ঞাপন, ব্র্যান্ড চুক্তি ও অন্যান্য ব্যবসা থেকেও তিনি বড় অঙ্কের আয় করেন।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। তাঁর নতুন সিনেমা ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমার অন্যতম আকর্ষণ হলো এতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর মেয়ে সুহানা খানের। এছাড়া ছবিটিতে অভিনয় করছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও জ্যাকি শ্রফসহ আরও অনেক তারকা।
তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘পাঠান’। সিনেমার বাইরে ব্যবসা, ব্র্যান্ড এবং বিশ্বজুড়ে জনপ্রিয়তার মাধ্যমে তিনি নিজেকে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সিমু/আরটিএনএন



